Ridge Bangla

নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ জুন) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে, এ ঘোষণা জনগণের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। এখন জাতি আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা—সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বিষয়ের ভিত্তিতে এবং ঘোষিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দেশকে একটি গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনবে, এমনটাই আমরা প্রত্যাশা করি।”

জামায়াত আমির আশা প্রকাশ করেন, রাজনৈতিক পরিবেশ সুস্থ ও শান্তিপূর্ণ রাখার জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের পথ সুগম করবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, “জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো দিনে অনুষ্ঠিত হবে।” তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন।

This post was viewed: 44

আরো পড়ুন