Ridge Bangla

রাজধানীতে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে

আগামীকাল শনিবার (৭ জুন) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে। প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ঈদের এই প্রধান জামাতে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মুসল্লি।

জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত সরিয়ে নেওয়া হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, যেখানে নামাজ শুরু হবে সকাল ৮টায়।

এছাড়া বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে: যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে। এসব জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও শিক্ষাবিদরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে দুটি জামাত—সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়। সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, শহীদুল্লাহ হল লনে এবং ফজলুল হক হল মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, মহল্লা ও সংস্থার উদ্যোগে এক হাজারের বেশি মসজিদ এবং শতাধিক ঈদগাহে জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব স্থানে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

This post was viewed: 47

আরো পড়ুন