Skip to main content

Ridge Bangla

ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন এটিএম সেবা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই দীর্ঘ ছুটির মধ্যেও ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিছু বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, ছুটির সময়েও সারাদেশে এটিএম বুথ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ইন্টারনেট ব্যাংকিং, পয়েন্ট অব সেলস (POS), কিউআর কোড এবং অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে সেবা চালু রাখতে হবে।

তবে বাস্তবে অনেক গ্রাহককে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। ঈদের আগেই অনেক এটিএম বুথে টাকা শেষ হয়ে গেছে। এছাড়া কিছু ব্যাংক অন্য ব্যাংকের কার্ডে নগদ উত্তোলন সীমিত বা বন্ধ করে দেওয়ায় গ্রাহকরা একাধিক বুথ ঘুরেও টাকা তুলতে পারছেন না।

ঈদের আগে ঢাকার দুই সিটি করপোরেশনের ১৮টি পশুর হাটসংলগ্ন ও চট্টগ্রামের একটি হাটসংলগ্ন ব্যাংক শাখা ঈদের আগের রাত পর্যন্ত খোলা রাখা হয়। এতে কোরবানির পশু বেচাকেনায় নগদ লেনদেনের সুবিধা পেয়েছেন অনেকেই।

এছাড়া তৈরি পোশাক শিল্পের বেতন ও বোনাস পরিশোধে গত ৫ জুন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল—আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখা হয়।

ঈদের পর ১১ ও ১২ জুন আমদানি-রপ্তানিমুখী শিল্প এবং ওষুধ শিল্প সংশ্লিষ্ট এলাকার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখাগুলোও খোলা থাকবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়েই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষ মনে করছেন, ব্যাংকিং ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

This post was viewed: 70

আরো পড়ুন