Ridge Bangla

ঈদে ঘরমুখো মানুষের চাপ, মহাসড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ঈদুল আজহা উপলক্ষে উত্তরবঙ্গমুখী মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। বুধবার (৫ জুন) সন্ধ্যার পর থেকে দূরপাল্লার বাস ও বিভিন্ন যানবাহনে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। তবে এবার যানজটের প্রভাব তুলনামূলক কম থাকায় ভোগান্তি কিছুটা হ্রাস পেয়েছে।

সিরাজগঞ্জ অংশে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে যানবাহনের গতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান এবং হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, এবার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। যানজট এড়াতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে।

জানা গেছে, ঢাকামুখী লেনে চাপ সামাল দিতে বৃহস্পতিবার সকালে সাময়িকভাবে ওই লেনে টোল আদায় বন্ধ রাখা হয়। এর ফলে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়, যা ঢাকামুখী যাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, উত্তরবঙ্গমুখী গাড়ির চাপ বেশি থাকায় টোল আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে ৪০ মিনিট পর পুনরায় টোল আদায় শুরু হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

জেলা প্রশাসন, পুলিশ ও সড়ক বিভাগ একাধিক বৈঠক করে যানজট ও নিরাপত্তা ইস্যুতে সমন্বিত পদক্ষেপ নিয়েছে। পুলিশ সুপার ফারুক হোসেন জানান, মহাসড়কে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা হয়েছে, যেখানে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী একসঙ্গে টহল দিচ্ছে।

This post was viewed: 40

আরো পড়ুন