যুক্তরাজ্যের কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে অনুষ্ঠিত ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই জামাত অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই বৃষ্টিভেজা আবহাওয়া উপেক্ষা করে শত শত লন্ডনপ্রবাসী বাংলাদেশি মুসল্লি স্টেডিয়াম প্রাঙ্গণে জমায়েত হন। বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীও এই জামাতে অংশ নেন।
তারেক রহমানের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় সমন্বয়ক কামাল উদ্দিনসহ বিএনপির একাধিক নেতাকর্মী।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারেক রহমান। পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।
ঈদের এই জামাতে তারেক রহমানের উপস্থিতি ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছিল এক ধরনের উৎসাহ ও আবেগ। প্রবাসে থেকেও রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা বজায় রাখার এই প্রয়াস নেতাকর্মীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।