Ridge Bangla

দেশে করোনায় নতুন করে শনাক্ত ৩ জন

দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণের হার। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪টি নমুনা পরীক্ষার মধ্যে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি এবং ছয়জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (৮ জুন) অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে, এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন।

সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রা ঘিরে রেলপথ মন্ত্রণালয় যাত্রীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে। বলা হয়েছে, স্টেশন এবং ট্রেনে ভিড়পূর্ণ পরিবেশে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, “নতুন সংক্রমণ সংখ্যা কম হলেও অবহেলার সুযোগ নেই। করোনা একবার ফিরে এলে তা দ্রুত ছড়াতে পারে। তাই আগেভাগেই সচেতনতা জরুরি।”

সরকারের একাধিক দপ্তর ইতিমধ্যেই নাগরিকদের সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছে। প্রয়োজনে আবারও টিকাদান কর্মসূচি জোরদার ও হাসপাতাল প্রস্তুত রাখার বিষয়েও আলোচনা চলছে।

This post was viewed: 57

আরো পড়ুন