Skip to main content

Ridge Bangla

গাজায় ইসরাইলি হামলায় ৮৪ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে হামাস প্রতিনিধিদল

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অন্তত ১৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (২৫ এপ্রিল) গাজার বিভিন্ন অঞ্চলে হামলা চালায় ইসরাইলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুজাইয়া এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। মানসুরা স্ট্রিটে ইসরাইলি হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হন। একইভাবে, জেইতুন এলাকার আল-নাদিম স্ট্রিটে গোলাবর্ষণে আরেকজনের প্রাণহানি ঘটে।

উত্তর গাজা ও আল-কাসাসিব এলাকাতেও নারী ও বৃদ্ধসহ অনেকেই নিহত হয়েছেন। অন্যদিকে, পশ্চিম তীরের সালেম এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারায় ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর। গাজার উত্তরের নতুন তিনটি এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

তবে হামাসও পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। বেইত হানুনে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলায় হতবাক হয়ে পড়ে ইসরাইলি সেনারা। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবাইদা জানিয়েছেন, তাদের যোদ্ধারা পরিকল্পিতভাবে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে অ্যামবুশ চালিয়েছে।

এছাড়া, ইসরাইলি বাহিনী জানিয়েছে, গাজার দারাজ এলাকায় একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের একটি দলকে টার্গেট করা হয়েছে। অন্যদিকে, আল-কুদস ব্রিগেড জানিয়েছে, গাজা শহরের পূর্বাংশের আল-মুনতর পাহাড় এলাকায় ইসরাইলি বাহিনী ও তাদের যানবাহন লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

এদিকে, গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধিদল মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছে।

This post was viewed: 61

আরো পড়ুন