Skip to main content

Ridge Bangla

ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮

ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের রাসইসা তেল বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত ৩৮ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেনের স্বাস্থ্য কর্মকর্তারা একে দেশটিতে মার্কিন বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে আখ্যা দিয়েছেন।

হোদেইদাহ স্বাস্থ্য অফিস এবং হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভি জানিয়েছে, শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে এ হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা-ও প্রতিবেদনটি নিশ্চিত করেছে।

মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস নষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে। সেন্ট্রাল কমান্ড এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে বলেছে, “এই হামলার লক্ষ্য ছিল হুথিদের অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস করা।”

ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হুথিদের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আগ্রাসন আরও জোরদার করেছে। মার্চের মাঝামাঝি থেকে মার্কিন বাহিনীর হামলায় ১২৩ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

This post was viewed: 69

আরো পড়ুন