Skip to main content

Ridge Bangla

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে গোলাগুলি, পিস্তল-ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকারীদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা পাচারকারী গুলিবিদ্ধ হন এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি এবং ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

গ্রেপ্তারকৃতরা হলেন—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. ইলিয়াস (৩০), নূর মোহাম্মদ (৬১) এবং গুলিবিদ্ধ আব্দুল শক্কুর (৪০)। শক্কুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, সোমবার (১৯ মে) মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ কোস্টগার্ড ভোরে টেকনাফের তুলাতলী নৌঘাঁট এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় একটি কাঠের নৌকা থামতে নির্দেশ দিলে পাচারকারীরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পালানোর চেষ্টা করে। আত্মরক্ষায় কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী ধাওয়া শেষে নৌকাটি আটক করা হলেও চার পাচারকারী সাগরে লাফ দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে নৌকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি এবং ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

This post was viewed: 52

আরো পড়ুন