মালয়েশিয়ার পেনাং রাজ্যের বায়ান লেপাস শিল্প এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ২৯৭ জন বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। গত মঙ্গলবার (৩ জুন) ‘অপ সাপু’ নামের বিশেষ এই অভিযানে মোট ৫২০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়, যাদের মধ্যে ৩১৪ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়।
আটকদের মধ্যে ২৯৭ জনই বাংলাদেশের নাগরিক। বাকি ১৭ জনের মধ্যে রয়েছেন পাকিস্তানের ১৩ জন, মিয়ানমারের দুইজন, ভারতের একজন এবং ইন্দোনেশিয়ার একজন। সব গ্রেফতারকৃতই প্রাপ্তবয়স্ক পুরুষ। অভিযানে কোনো নারী, শিশু বা নির্মাণ প্রতিষ্ঠানের মালিকপক্ষের কাউকে আটক করা হয়নি।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, এই অভিযানে সাঁজোয়া যান এবং বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা অভিবাসীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছেন।
উল্লেখ্য, মালয়েশিয়ার নির্মাণ, কৃষি ও সেবাখাতে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক নিয়োজিত আছেন, যাদের মধ্যে বাংলাদেশিরা অন্যতম। দেশটির অর্থনীতিতে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও সম্প্রতি মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
পেনাং অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে প্রচলিত অভিবাসন আইনে মামলা দায়ের করা হবে এবং যাচাই-বাছাই শেষে অনেককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।