পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শুক্রবার (৬ জুন) সকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গিয়ে দেখা যায়, টানা ২০ কিলোমিটারজুড়ে থেমে থেমে চলছে যানবাহন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই চন্দ্রা এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। সন্ধ্যার পর থেকে চন্দ্রা নবীনগর, চৌরাস্তা ও মির্জাপুর পর্যন্ত মহাসড়কের উভয় পাশে গাড়ির দীর্ঘজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে বাড়িমুখো যাত্রীরা।
বিশেষ করে উত্তরবঙ্গ থেকে পশুবাহী ট্রাকগুলো বেশি বিপাকে পড়েছে। নওগাঁ থেকে গরু নিয়ে আসা ট্রাকচালক মিজানুর রহমান বলেন, “রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলাম। কিন্তু যানজটে আটকে থেকে সকাল ৯টায়ও কালিয়াকৈরে পৌঁছাতে পারিনি। জানি না কখন ঢাকায় পৌঁছাতে পারব।”
যানজটের পাশাপাশি পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে ট্রাক, পিকআপ কিংবা মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে ফিরছেন বাড়িতে।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহিন জানান, “সড়কে যাত্রী ও গণপরিবহনের সংখ্যা অনেক বেশি। যাত্রীরা সরাসরি সড়কে উঠানামা করায় এবং অতিরিক্ত যানবাহনের চাপে এই যানজট সৃষ্টি হয়েছে।”