ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও সীমান্তে গুলি চালিয়েছে, এতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (২৭ এপ্রিল) ভোররাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) এবং হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে সীমান্ত পেরোনোর চেষ্টা করলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। ঘটনাস্থলেই মিকাইল ও ওবায়দুলের মৃত্যু হয়। তাদের মরদেহ এখন স্থানীয় প্রশাসনের হেফাজতে রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বহুবার সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ জানানো হলেও বিএসএফের গুলি চালানো বন্ধ হয়নি। আজকের এই ঘটনা আবারও সীমান্ত পরিস্থিতির উত্তপ্ত বাস্তবতা সামনে এনেছে।