Skip to main content

Ridge Bangla

ঈদে মুক্তি পাচ্ছে ১১ সিনেমা, প্রচারে ঢিলেঢালা প্রস্তুতি

আসন্ন কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ১১টি নতুন সিনেমা। তবে মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও অধিকাংশ সিনেমার প্রচারপ্রচারণা চলছে ঢিলেঢালাভাবে। ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা যায় কয়েকটি প্রযোজনাকে।

প্রথা অনুযায়ী এবারের ঈদেও মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন জয়া আহসান। ইতোমধ্যে সিনেমার টিজার ও টাইটেল গান প্রকাশ পেয়েছে, তবে এখনও শুটিং চলছে।

অন্যদিকে, সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘ইনসাফ’ সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, মোশাররফ করিম ও তাসনিয়া ফারিণ। তারকাবহুল আরেক সিনেমা ‘উৎসব’-এর এখনো কেবল পোস্টারই প্রকাশিত হয়েছে, গান বা ট্রেলার প্রকাশ পায়নি। সিনেমাটিতে আছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, জাহিদ হাসানসহ আরও অনেকে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আজমেরী হক বাঁধনের ‘এশা মার্ডার: কর্মফল’ দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাচ্ছে। টিজার প্রকাশিত হলেও গান ও ট্রেলার এখনো আসেনি।

এছাড়া ‘সর্দার বাড়ির খেলা’, ‘নাদান’, ‘শিরোনাম’, ‘পিনিক’ ও ‘আলী’ সিনেমাগুলোর প্রচার কার্যক্রম এখনও শুরুই হয়নি বলা চলে।

তবে কিছুটা এগিয়ে রয়েছে মিঠু খানের ‘নীলচক্র’ ও অলোক হাসানের ‘টগর’। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর অভিনীত এই দুই সিনেমার গান ও টিজার ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

এই অবস্থায় প্রশ্ন উঠেছে—প্রচারের দুর্বলতায় ঈদের মৌসুমে প্রেক্ষাগৃহে কতটা দর্শক টানতে পারবে সিনেমাগুলো।

This post was viewed: 63

আরো পড়ুন