Ridge Bangla

৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ট্রেনের খালি ওয়াগনের একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বিলম্বের মুখে পড়ে।

ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আখাউড়া থেকে বিশেষ হাইড্রোলিক টুলব্যান এনে লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ চালানো হয়। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর রাত ৮টার দিকে বগিটি সরিয়ে লাইন সচল করা সম্ভব হয়।

শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে, রেলপথ বন্ধ থাকায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে এবং বেশ কিছু ট্রেনের সময়সূচিতে বিপর্যয় দেখা দেয়।

This post was viewed: 3

আরো পড়ুন