৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে ফল প্রকাশ করা হয়। সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। কমিশনের অনুমোদনক্রমে এ পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল এবং সংশ্লিষ্ট তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। একই সঙ্গে যৌক্তিক কারণে প্রয়োজন হলে প্রকাশিত ফলাফলে সংশোধন আনার অধিকার কমিশন সংরক্ষণ করে।
এর আগে গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হন।
সরকারি কর্ম কমিশন গত ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডারে ৩৯৫টিসহ মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে।
ক্যাডারভিত্তিক পদের মধ্যে সবচেয়ে বেশি ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।