Skip to main content

Ridge Bangla

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করেছে ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল। রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে প্রকাশিত এই ফলে মোট ১,২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছে পিএসসি।

সূত্র জানায়, গত ১০ অক্টোবর পর্যন্ত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার কেন্দ্র ছিল কেবল ঢাকা মহানগরে। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী, তবে পরীক্ষায় অংশ নেন প্রায় ৫৬ শতাংশ।

পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে জানা যাবে। একই সঙ্গে যুক্তিসঙ্গত কারণে ফলাফল সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এ ধাপে অংশ নেওয়ার সুযোগ পাবেন। উল্লেখ্য, ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজগুলোতে বিভিন্ন বিষয়ে মোট ৬৫৩টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে আরও ৩০টি প্রভাষকের পদে নিয়োগ দেওয়া হবে।

This post was viewed: 114

আরো পড়ুন