Skip to main content

Ridge Bangla

৩ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১৫ বছর, অতঃপর গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত হয়ে ১৫ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে ঢাকার আশুলিয়ার বাতেনটেক এলাকা থেকে র‍্যাব-৪ এর সহায়তায় তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি ঘোড়াঘাট পৌর এলাকার বাগানবাড়ি গ্রামের বাসিন্দা কবিরুল ইসলাম। পুলিশ জানায়, সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং নিজের পরিচয় গোপন রাখতেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালে বগুড়ায় এবং ২০০৫ সালে গাইবান্ধার পলাশবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন কবিরুল। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয় তার বিরুদ্ধে। জামিনে বেরিয়ে তিনি আত্মগোপনে চলে যান।

দীর্ঘ বিচার শেষে ২০১০ সালে গাইবান্ধা আদালত তাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানার রায় দেন। অন্যদিকে, বগুড়ার মামলায় ২০২১ সালে চার বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, কবিরুলের বিরুদ্ধে তিনটি মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশের উপপরিদর্শক (এসআই) সাব্বির আলমের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়। শনিবার ভোরে কবিরুলকে ঘোড়াঘাট থানায় এনে আদালতে পাঠানো হয়েছে।

This post was viewed: 59

আরো পড়ুন