Skip to main content

Ridge Bangla

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ মৃত্যু

মিসরের কায়রোতে তিন প্যাকেট কাঁচা নুডলস খাওয়ার পর ১৩ বছর বয়সী হামজা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই করুণ ঘটনায় মিসর ও আরব বিশ্বে জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং খাদ্য নিরাপত্তা ও তদারকির দাবিও উঠেছে।

সংবাদমাধ্যম স্কাই নিউজ অ্যারাবিয়াসহ স্থানীয় আরবি গণমাধ্যম জানিয়েছে, কায়রোর এল-মার্গ জেলায় নিজ বাড়িতে জনপ্রিয় ইন্দোনেশিয়ান ব্র্যান্ড ইন্দোমি নুডলস খাওয়ার পর হামজা অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সন্ধ্যার নামাজ ও কুরআন মুখস্থ করার ক্লাস থেকে ফেরার পর সে শুকনো নুডলস খেয়েছিল। পুলিশ হামজার শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি।

হামজার বাবা সংবাদমাধ্যমকে জানান, তার ছেলে প্রিয় খাবার খাওয়ার ৩০ মিনিটের মধ্যেই বমি, ঘাম এবং তীব্র পেটে ব্যথা অনুভব করতে শুরু করে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তাররা বিষক্রিয়ার সম্ভাবনা উল্লেখ করে তাকে টক্সিকোলজি সেন্টারে স্থানান্তরের পরামর্শ দেন। তবে শনিবার (১৬ আগস্ট) সেন্টারে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে হামজার মৃত্যু হয়। মেডিকেল পরীক্ষায় তার শরীরে কোনো মাদক বা অবৈধ পদার্থের চিহ্ন পাওয়া যায়নি।

মিসরের পাবলিক প্রসিকিউশন নুডলস বিক্রি করা দোকানের মালিককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে এবং পণ্যটি পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও হামজার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যাতে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা যায়।

এই দুঃখজনক ঘটনা স্থানীয় ও আন্তর্জাতিক স্তরে খাদ্য নিরাপত্তা এবং শিশুর পুষ্টি সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছে। বহু নাগরিক এখন সরকারের কাছে কঠোর পদক্ষেপ ও নিয়মিত খাদ্য তদারকির দাবি তুলেছেন।

This post was viewed: 53

আরো পড়ুন