Ridge Bangla

৩ আসনের ব্যালট-রেজাল্ট শিটসহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে তিনটি নির্বাচনি আসনের জন্য হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে আবেদন দাখিলের পর হাইকোর্টের ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ সংশ্লিষ্ট তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি নথিপত্র আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। ট্রাইব্যুনালের এই নির্দেশনার ফলে উক্ত আসনগুলোর নির্বাচনি কাগজপত্র এখন বিচারিক পর্যবেক্ষণের আওতায় থাকবে।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য বাংলাদেশ হাইকোর্টে একটি ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। একই দিনে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন-পরবর্তী সময়ে নির্বাচিত সংসদ সদস্যদের নাম গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত গেজেট জারি করেন।

তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে এখনো দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।

This post was viewed: 28

আরো পড়ুন