Ridge Bangla

৩৮১৮ টি গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য ৩ হাজার ৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

ইসি কর্মকর্তারা জানান, সরকার অনুমোদিত সব গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিক ও সংশ্লিষ্ট স্টাফদের জন্য সাংবাদিক পরিচয়পত্র এবং যানবাহনের স্টিকার সরবরাহ করা হবে। এ লক্ষ্যে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন জমা দিতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

ইসির প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী, ভোট কাভারেজের জন্য নিবন্ধিত গণমাধ্যমের মধ্যে রয়েছে টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৮টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১২৯টি, আঞ্চলিক অনলাইন মিডিয়া ৬১টি এবং অন্যান্য অনলাইন নিউজ পোর্টাল ২৬৩টি।

এ ছাড়া ছাপা সংবাদপত্রের সংখ্যা মোট ৩ হাজার ৩৪৭টি। এর মধ্যে রয়েছে দৈনিক পত্রিকা ১ হাজার ৩৯৭টি, অর্ধসাপ্তাহিক ৩টি, সাপ্তাহিক ১ হাজার ২৩১টি, পাক্ষিক ২১৫টি, মাসিক ৪৫১টি, দ্বিমাসিক ৯টি, ত্রৈমাসিক ৩৭টি, চতুর্মাসিক ১টি, ষান্মাসিক ২টি এবং বার্ষিক ২টি।

এই সংবাদপত্রগুলোর মধ্যে ঢাকায় প্রকাশিত পত্রিকার সংখ্যা ১ হাজার ৪২২টি এবং ঢাকার বাইরে প্রকাশিত ১ হাজার ৯৩৫টি।

সব মিলিয়ে মোট ৩ হাজার ৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস দেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

This post was viewed: 23

আরো পড়ুন