Skip to main content

Ridge Bangla

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচনে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে অংশ নিতে চান।

রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসন ধরেই এগোচ্ছি। এই মাসের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করব। আমাদের অনেকেই ইতোমধ্যে নিজ নিজ এলাকায় কাজ শুরু করে দিয়েছেন।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নিজেও ঢাকা থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। নাহিদ ইসলাম বলেন, “আমরা দ্রুত নির্বাচন চাই। যদিও এনসিপি একটি নবগঠিত দল, মাত্র এক বছরের মাথায় অনেক কাজ হাতে নিতে হয়েছে। দল সংগঠনের জন্য বেশি সময় না পেলেও আমরা কখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষপাতী নই।”

তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া প্রয়োজন। তাই আমরা ফেব্রুয়ারিকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।

দলটির দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার কথাও উল্লেখ করেন এনসিপি আহ্বায়ক। তার ভাষায়, “আমরা নতুন দল, তাই এই নির্বাচন আমাদের জন্য প্রথম পরীক্ষা। ভালো করব কি না, তা জনগণই বিচার করবে। তবে আমরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।”

This post was viewed: 52

আরো পড়ুন