Skip to main content

Ridge Bangla

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন নারী এবং ২ জন পুরুষ। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। তবে রাজধানীর বাইরে আক্রান্তের সংখ্যা ঢাকার তুলনায় বেশি। বরিশাল বিভাগে সর্বাধিক ১২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এছাড়া চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বাইরের এলাকায় ৯ জন করে, খুলনায় ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৮ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৭০ জন।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এ অবস্থায় মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। বাড়িঘর, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 75

আরো পড়ুন