দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সবকিছু অনুকূলে থাকলে আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত পুনর্গঠিত কমিটি ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। এর ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী জুলাই থেকে মূল বেতন বৃদ্ধি করা হবে। পরবর্তী ধাপগুলোতে চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে। এতে সরকারি কোষাগারের ওপর এককালীন চাপ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ ১১ বছর নতুন কোনো বেতন কাঠামো চালু হয়নি। প্রস্তাবিত নতুন কাঠামোয় ২০তম গ্রেডের কর্মচারীর মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে, যা মোট বেতনকে প্রায় আড়াই গুণ বাড়াতে পারে।