নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। শুক্রবার (১৩ মার্চ) পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক পত্রে এসব তথ্য জানানো হয়।
এই কর্মসূচির প্রথম ধাপে দেশের ৫৪টি জেলায় একযোগে কার্যক্রম শুরু করা হবে। এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সময় দেশের আরও ৫৩টি জেলায় সংশ্লিষ্ট কর্মসূচির উদ্বোধন করবেন বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা।
এই কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গ্রামীণ এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
এ ছাড়া খাল ও জলাধার খননের ফলে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পাবে, যার ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে। এতে খরা, বন্যা ও জলাবদ্ধতার মতো সমস্যা অনেকাংশে হ্রাস পাবে।