পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশের মধ্যেই দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২১ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সতর্কবার্তা জারি করা হয়েছে, যা ঈদের দিনের স্বাভাবিক উদযাপনে কিছুটা শঙ্কার কারণ হয়ে উঠেছে।
আবহাওয়া অফিস জানায়, কালবৈশাখী মৌসুম সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপের প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের আটটি বিভাগেরই কিছু কিছু জায়গায় বৃষ্টি, বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।