Skip to main content

Ridge Bangla

১৪ বছর পর ফিরে আসছে আজম খানের ‘উচ্চারণ’ ব্যান্ড

বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি আজম খানের প্রতিষ্ঠিত ব্যান্ড ‘উচ্চারণ’ দীর্ঘ ১৪ বছর পর আবারও সংগীতাঙ্গনে ফিরছে নতুন উদ্যমে। ২০১১ সালের ৫ জুন আজম খানের মৃত্যুর পর ব্যান্ডটির কার্যক্রম থেমে গেলেও এবার নতুন লাইনআপে উচ্চারণ ব্যান্ডকে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে তার পরিবার।

আজম খানের মেয়ে অরণী খান জানান, ‘উচ্চারণ’ ব্যান্ডকে ফিরিয়ে আনার মূল উদ্দেশ্য হচ্ছে তার বাবার গানগুলোকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। তিনি বলেন, “আব্বুর গান যদি নতুন প্রজন্ম না জানে, তাহলে তারা তাঁকে চিনবে না। তাই আমরা ব্যান্ডটি আবার গঠন করছি।”

সম্প্রতি আজম খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ জুন রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয় ‘গুরু রিলোডেড’ শিরোনামে একটি সংগীতানুষ্ঠান। সেখানে আজম খানের ভাতিজা আরমান খান ও আদনান খানের উদ্যোগে ব্যান্ডটি মঞ্চে পারফর্ম করে। নতুন লাইনআপে আছেন পিয়ারু খান, দুলাল, কোসেক, শিপার ও তুহিন।

১৯৭২ সালে মুক্তিযুদ্ধের পর নীলু, সাদেক ও মনসুরকে নিয়ে ‘উচ্চারণ’ ব্যান্ড গঠন করেন আজম খান। ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ এবং ‘চার কলেমা সাক্ষী দেবে’ গান দুটি দিয়ে তারা জনপ্রিয়তা অর্জন করেন। এরপর একের পর এক গান দিয়ে উচ্চারণ ব্যান্ড হয়ে ওঠে বাংলার ব্যান্ডসংগীতের পথিকৃত।

আজম খানের পরিবার ও সংগীতপ্রেমীদের আশা, তার গড়া এই ব্যান্ড আবারও শ্রোতাদের মন জয় করবে এবং নতুন প্রজন্মের মাঝে তার গানের বার্তা পৌঁছে দেবে।

This post was viewed: 134

আরো পড়ুন