Ridge Bangla

১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা

৮ দফা দাবিতে বান্দরবানে আগামী ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে বাঙালি সম্প্রদায় দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এ হরতাল পালন করা হবে।” হরতালে অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, খাবারের দোকান, কলেজ, সরকারি অফিস-আদালত, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ও গণমাধ্যমকর্মীদের চলাচল হরতালের বাইরে থাকবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান তাদের ৮ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—ব্রিটিশ আমলের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসন ব্যবস্থা চালু করা; জমি ক্রয়-বিক্রয় ও চাকরির ক্ষেত্রে রাজার সনদ বাতিল; অন্যান্য জেলার মতো ভূমি ব্যবস্থাপনা চালু; বাজার ফান্ড প্লটের লিজ ৯৯ বছরে উন্নীত করা; বন্ধ ব্যাংক ঋণ পুনরায় চালু; কর্মসংস্থান সৃষ্টির জন্য পরিবেশবান্ধব ইটভাটা ও শিল্প কারখানা স্থাপন; নিরাপত্তার স্বার্থে প্রত্যাহার করা সেনা ক্যাম্পগুলো পুনঃস্থাপন এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাস দমন।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সেক্রেটারি মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 65

আরো পড়ুন