Ridge Bangla

১০ সেপ্টেম্বর প্রকাশিত হবে ভোটকেন্দ্রের খসড়া তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য জানানো হয়েছে বুধবার (২০ আগস্ট) কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে।

চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ ইতিমধ্যেই কমিশনের অনুমোদন পেয়েছে এবং গত ২৬ জুন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেটে অন্তত নির্বাচনের ২৫ দিন আগে প্রকাশ করা বাধ্যতামূলক। সে অনুযায়ী ধাপে ধাপে খসড়া তালিকা প্রকাশ, দাবি–আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির মাধ্যমে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

ইসি জানায়, নতুন নীতিমালার আলোকে এলাকা ভিত্তিক খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে এ তালিকার ওপর দাবি–আপত্তি গ্রহণ করা হবে এবং সেগুলো নিষ্পত্তির মাধ্যমে সম্ভাব্য চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবি–আপত্তি গ্রহণ করা হবে। প্রাপ্ত দাবি–আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর। সবশেষে ২০ অক্টোবর ভোটকেন্দ্রের সম্ভাব্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়সূচি ও নীতিমালা অনুসারে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য এবং সম্ভাব্য চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে হবে। এর সঙ্গে সফটকপি যুক্ত করে নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ইসির নির্বাচন সহায়তা–১ শাখায় পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 50

আরো পড়ুন