আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার স্ত্রী রিয়া মনি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। গত মাসে হিরো আলমের আত্মহত্যার চেষ্টা ও স্ত্রীর নামে মামলা করার ঘটনা আলোচনায় আসে। এবার তাদের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে।
হিরো আলম অভিযোগ করেছেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে প্রেমিক মডেল ম্যাক্স অভির সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়া মনি ও ম্যাক্স অভির ছবি এবং একটি হোটেলের রুমের ভিডিও শেয়ার করে নতুন বিতর্ক সৃষ্টি করেন।
এ বিষয়ে রিয়া মনি গণমাধ্যমকে বলেন, “হ্যাঁ, আমরা কক্সবাজারে আছি। আমি ও ম্যাক্স অভি একটি কাজে এখানে এসেছি। ঢাকায় ফিরে আমি হিরো আলমকে ডিভোর্স দেব। কারণ সে আমাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। আত্মহত্যার নাটক করেছে, আমি তার কাছে ফিরে গিয়েও কোনো পরিবর্তন পাইনি।”
তিনি আরও জানান, হিরো আলম তার প্রতি প্রতিশ্রুতি রাখেননি এবং বিভিন্ন মেয়ের সঙ্গে যোগাযোগ রেখেছেন। রিয়া মনি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দিব। এরপর তিন মাস সময় নিয়ে ম্যাক্স অভিকে বিচার করব। মনে হলে তাকে বিয়ে করব।”
অন্যদিকে, হিরো আলম সংবাদ সম্মেলনে জানান, “আমি অনেকবার রিয়াকে ক্ষমা করেছি। মেয়ের মাথায় কোরআন রেখে শপথ দিয়েছিল যে, সে ম্যাক্স অভির সঙ্গে আর কথা বলবে না। কিন্তু সে কথা রাখেনি। বগুড়ায় বাড়ি রং করতে গিয়েছিলাম, আর সে সেই রাতে কক্সবাজারে গিয়েছিল। আমার ফোন ব্লক করে দিয়েছে।”
দীর্ঘদিন ধরে তাদের সম্পর্কে টানাপড়েন চলছে। আলমের বাবার মৃত্যুর পর থেকে দ্বন্দ্ব আরও তীব্র হয়। একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ ও মামলা হয়েছে, যার কারণে তিনি একবার গ্রেপ্তারও হন এবং পরে জামিন পান। সর্বশেষ এই ঘটনা সামাজিক ও বিনোদনমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।