Skip to main content

Ridge Bangla

হিরো আলমের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। ঘনিষ্ঠ বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে গিয়ে তিনি ঘুমের ওষুধ সেবন করেন। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় প্রথমে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে হিরো আলম ধুনট উপজেলার যমুনা নদী সংলগ্ন ভান্ডারবাড়ি গ্রামে বন্ধু জাহিদের বাড়িতে যান। সেখানেই রিয়া মনিকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘ আলাপ হয় এবং পরে তারা ঘুমিয়ে পড়েন।

শুক্রবার সকালে জাহিদ তাকে ঘুম থেকে না উঠতে দেখে উদ্বিগ্ন হন। বিছানার পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখে তিনি তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।

বন্ধু জাহিদ হাসান সাগর জানান, “হিরো আলম অনেকদিন ধরেই মানসিক চাপে ছিলেন। রিয়া মনিকে নিয়ে তিনি হতাশার কথা বলতেন। যেখানে যান, সেখানেই নানা প্রশ্ন ও কটূক্তির সম্মুখীন হন। একটু নিরিবিলি সময় কাটাতে আমার বাড়িতে এসেছিলেন।”

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “ঘুমের ওষুধ খাওয়ার কারণে তার শারীরিক অবস্থা খারাপ হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়। শুরুতে তার সঙ্গে থাকা ব্যক্তিরা স্থানান্তরে আগ্রহ দেখাননি। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিয়ে চিকিৎসা চলছে।”

This post was viewed: 218

আরো পড়ুন