Skip to main content

Ridge Bangla

হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন অভিনেত্রী এশা গুপ্তা

ভারতের ক্রিকেট ও বলিউডের প্রেমকাহিনি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক সময় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও অভিনেত্রী এশা গুপ্তার ঘনিষ্ঠতা নিয়েও গুঞ্জন ছিল তুঙ্গে। তবে আদৌ কি তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়েই স্পষ্ট করলেন এশা।

ইউটিউবার সিদ্ধার্থ কান্নানের অনুষ্ঠানে অংশ নিয়ে এশা বলেন, “হ্যাঁ, হার্দিকের সঙ্গে আমার একসময় যোগাযোগ ছিল। আমরা কিছুদিন নিয়মিত কথা বলেছি। তবে আমি মনে করি না সেটা ডেটিং ছিল। হ্যাঁ, কয়েক মাসের জন্য যোগাযোগ ছিল, কিন্তু তার বেশি কিছু না।”

তাঁকে জিজ্ঞেস করা হয়, সম্পর্কটি কি প্রেমে পরিণত হতে পারত? উত্তরে এশা বলেন, “সম্ভবত হতে পারত। কিন্তু সময় এবং পরিস্থিতি সবসময় অনুকূলে থাকে না। আমাদের মধ্যে কোনো তিক্ততা ছিল না। কিছুদিনের জন্য কথা হয়েছিল, তারপর শেষ হয়ে যায়।”

বর্তমানে এশা গুপ্তা স্পেনে বসবাসরত ম্যানুয়েল ক্যাম্পোস গুয়ালারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। অন্যদিকে হার্দিক পান্ডিয়া ২০২০ সালে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন এবং তাদের একটি সন্তান রয়েছে। তবে সম্প্রতি তাদের বিচ্ছেদ নিশ্চিত হওয়ায় ব্যক্তিগত জীবনেও আলোচনায় আসেন হার্দিক।

পেশাগত দিক থেকে এশা গুপ্তা সর্বশেষ ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভার্ড’ সিনেমায় ডিসিপি লক্ষ্মী রাঠির চরিত্রে অভিনয় করেন। শোনা যাচ্ছে, বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি ৩’-এ তাকে দেখা যেতে পারে, যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

This post was viewed: 299

আরো পড়ুন