Skip to main content

Ridge Bangla

হামে আরও ১০ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে, বাকি নয়জনের শরীরে হামের উপসর্গ ছিল।

রোববার (৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৫০ জন এবং উপসর্গ নিয়ে ২৪৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ১ হাজার ১৬৬ জন রোগী গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় ৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে সর্বাধিক রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৫২৩ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ১৯৯ জন ভর্তি হয়েছেন। নতুন শনাক্ত রোগীর সংখ্যাও ঢাকা বিভাগেই বেশি, যেখানে ৬৪ জনের শরীরে হাম ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৪০ হাজার ৪৯১ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৩ জনে। এদের মধ্যে ২৭ হাজার ৮১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৪ হাজার ৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

This post was viewed: 44

আরো পড়ুন