Ridge Bangla

হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শুরু করবেন সংগঠনের নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চ জানায়, জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে।

সংগঠনের দাবি, নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ইনকিলাব মঞ্চের অভিযোগ, এ সময় সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের আহত হন। এ ছাড়া ডাকসুর নেত্রী জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ আরও কয়েকজন আহত হন।

তবে এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাদের কেউ গুলিবিদ্ধ নন।

This post was viewed: 24

আরো পড়ুন