Skip to main content

Ridge Bangla

হাউস অব লর্ডসে ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে শিক্ষার মানোন্নয়নে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে নেতৃত্ব, শিক্ষকদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত বারোনেস রোজি উইন্টারটনের উদ্যোগে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।

এই অংশীদারিত্ব চুক্তির আওতায় ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের সহযোগী প্রতিষ্ঠান এডভান্স হায়ার এডুকেশন বাংলাদেশের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, একাডেমিক নেতৃত্ব এবং প্রতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমে হিট প্রকল্পকে সহায়তা করবে। এই সহযোগিতা বাংলাদেশের উচ্চশিক্ষা খাতকে বৈশ্বিক মানের সঙ্গে সংযুক্ত করতে এবং একটি টেকসই পেশাদার উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ভাইস চেয়ার ও হাউস অব লর্ডসের সদস্য বারোনেস ওয়েন্ডি আলেকজান্দার, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান, প্রফেসর ড. মাসুমা হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, বুয়েটের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের শিক্ষা প্রধান তৌফিক হাসান এবং হিটের উপ-প্রকল্প পরিচালক মো. খোরশেদ আলম।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, “ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারিত্ব চুক্তি বাংলাদেশের উচ্চশিক্ষার সংস্কার যাত্রায় একটি সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ। আমরা বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের এডভান্স হায়ার এডুকেশনের সঙ্গে মিলে নেতৃত্ব, শিক্ষার উৎকর্ষ সাধন ও প্রতিষ্ঠানিক মানোন্নয়নে বিনিয়োগ করছি, যা একটি বৈশ্বিকভাবে সংযুক্ত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করবে।”

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “ইউজিসির সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের অংশীদারিত্ব বাংলাদেশের উচ্চশিক্ষার মান, প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বের উন্নয়নে আমাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই চুক্তি সেই প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে গভীর সহযোগিতার পথ উন্মুক্ত করবে।”

অনুষ্ঠানের আয়োজক বারোনেস রোজি উইন্টারটন বলেন, “এই অংশীদারিত্ব যুক্তরাজ্য ও বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রতিফলন—যেখানে শিক্ষা জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী সেতুবন্ধন।”

This post was viewed: 58

আরো পড়ুন