Ridge Bangla

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান

মধ্যপ্রাচ্যের অস্থির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইরানের দূতাবাস। একই সঙ্গে আজারবাইজানের পথ ধরে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে সহায়তার বিষয়টিও তুলে ধরা হয়েছে, যা দুই দেশের পারস্পরিক সহযোগিতার এক তাৎপর্যপূর্ণ নিদর্শন।

মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে- এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে সাক্ষাৎকারের খণ্ডিত প্রচার নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা বলেছে, এ ধরনের উপস্থাপন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সাংঘর্ষিক এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

ইরান পুনর্ব্যক্ত করেছে, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ-ইরান সম্পর্ক দীর্ঘদিনের দৃঢ় বন্ধনে আবদ্ধ। পাশাপাশি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতিও তাদের অঙ্গীকার অবিচল।

আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ব বৈঠকে দুই দেশের কূটনীতিকদের গঠনমূলক আলোচনাকে স্বাগত জানিয়ে দূতাবাস জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তারে উদ্যোগ অব্যাহত থাকবে।

This post was viewed: 8

আরো পড়ুন