হবিগঞ্জের লাখাই উপজেলায় নিজ ঘর থেকে রুবেল মিয়া (৩৫) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার চিকনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল ওই গ্রামের মৃত টেনু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ঘরের ভেতর দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, রুবেল একসময় দিনমজুর হিসেবে কাজ করলেও দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। মাদকাসক্তি ও পারিবারিক অশান্তির কারণে তার দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। প্রায় দুই বছর আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি একা বসবাস করছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্থানীয়দের ধারণা।
লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।