Skip to main content

Ridge Bangla

হঠাৎ দেশজুড়ে লোডশেডিং, কারণ জানাল পিডিবি

হঠাৎ করেই দেশব্যাপী লোডশেডিং শুরু হয়েছে। এর কারণ হিসেবে বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পিডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে একযোগে কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে পড়েছে। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি সামাল দিতে বাধ্য হয়ে সারাদেশে পর্যায়ক্রমে লোডশেডিং কার্যকর করা হচ্ছে। এতে গ্রাহকরা হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পিডিবি আরও জানায়, প্রাথমিকভাবে বিদ্যুৎকেন্দ্রগুলোর যান্ত্রিক ত্রুটি শনাক্ত করা হয়েছে। জরুরি ভিত্তিতে মেরামতকাজ শুরু হয়েছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। একই সঙ্গে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সকাল থেকেই লোডশেডিং দেখা দেয়। হঠাৎ বিদ্যুৎ না থাকায় নগরীর বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় ভোগান্তি দেখা দেয়। বিশেষ করে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা সমস্যায় পড়েন। ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পিডিবি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।

This post was viewed: 47

আরো পড়ুন