Ridge Bangla

হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুন: নিহত ৩৬, নিখোঁজ দুই শতাধিক

হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে আগুন ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্সে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ২৯ জন; পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছেন আরও প্রায় ২৭৯ জন বাসিন্দা।

রয়টার্সের খবরে বলা হয়, রাতে ৩২ তলা ভবনের বিভিন্ন অংশে এখনো আগুন জ্বলতে দেখা যায়। অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে, আগুনের তীব্র উত্তাপের কারণে ভবনের ওপরের তলায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তাছাড়া রাতের অন্ধকারে আগুন নিয়ন্ত্রণ করতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। গতকাল রাত পর্যন্ত অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ জানা যায়নি।

দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত আগুন নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ক্ষয়ক্ষতি যেন আরও না বাড়ে, সেদিকেও বিশেষ নজর রাখতে বলেন তিনি। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বিবিসিকে জানান, ওয়াং ফুক কোর্টে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮০০ জনেরও বেশি সদস্য কাজ করছেন এবং আগুন বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে আগুন নেভানোর সময়ই এক ফায়ার সার্ভিস কর্মী প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে হংকং পুলিশ। এ ঘটনায় অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

This post was viewed: 60

আরো পড়ুন