Skip to main content

Ridge Bangla

স্বাস্থ্য ঝুঁকিতে চট্টগ্রামের কারাবন্দিরা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্যবহৃত পানিতে পাওয়া গেছে কলিফর্ম ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু। ইন্টারন্যাশনাল রেড ক্রসের সহায়তায় সাম্প্রতিক পরীক্ষায় এ তথ্য উঠে এসেছে। কারাগারে বর্তমানে প্রায় ছয় হাজার বন্দি রয়েছেন, যাদের পানীয় ও দৈনন্দিন কাজে ব্যবহৃত পানি সরবরাহ করে কারাগারের ভেতরে থাকা ১১টি সাবমার্সিবল পাম্প।

কারা কর্তৃপক্ষ জানায়, পরীক্ষায় পদ্মা ওয়ার্ড, যমুনা ওয়ার্ড এবং প্রশাসনিক ভবনের সামনে থাকা তিনটি পাম্পের পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে। আরও দুটি পাম্পে ‘হার্ডনেস’ বা অতিরিক্ত খনিজ ঘনত্ব ধরা পড়েছে। কর্তৃপক্ষ কয়েদিদেরকে ওই পাম্পগুলোর পানি পান করতে নিষেধ করেছে এবং বিকল্প উৎস থেকে পানি সরবরাহের চেষ্টা করছে।

চিকিৎসকদের মতে, কলিফর্ম ব্যাকটেরিয়া প্রাণিজ বর্জ্যের উপস্থিতির নির্দেশক। এ ধরনের পানি ব্যবহারে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড ও হেপাটাইটিস-এ (জন্ডিস) রোগের ঝুঁকি বাড়ে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এই পানি ব্যবহার অব্যাহত থাকলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট পাম্পগুলোর পানি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

জামিনে মুক্ত কয়েকজন বন্দি জানিয়েছেন, কারাগারে অতিরিক্ত ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করে তাদের রাখা হয়। অপর্যাপ্ত স্বাস্থ্যব্যবস্থার কারণে জ্বর, ডায়রিয়া সহ নানা ধরণের রোগ সেখানে সাধারণ ঘটনা। মিনারেল ওয়াটার বা ফোটানো পানি সরবরাহের ব্যবস্থা নেই, ফলে বাধ্য হয়ে তাদের পাম্পের পানি দিয়েই রান্না-বান্না সহ যাবতীয় কাজ সম্পন্ন করতে হয়।

কারা সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, যেসব পাম্পের পানিতে ব্যাকটেরিয়া পাওয়া গেছে, সেগুলো বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা স্যানিটেশন টিমকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কারাগারের অভ্যন্তরীণ স্যানিটেশন তদারকিতে নতুন একজন ইন্সপেক্টরও নিয়োগ করা হয়েছে।

This post was viewed: 67

আরো পড়ুন