Ridge Bangla

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনসংলগ্ন জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

এর আগে একই দিন দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিদেশি অতিথি এবং দেশের নানা প্রান্ত থেকে আসা লাখো সাধারণ মানুষ অংশ নেন। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় পুরো এলাকায়। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের প্রতিনিধি এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুরো এলাকা ছিল কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন বেগম খালেদা জিয়া। তিনি আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদ্রোগ ও চোখের সমস্যাসহ একাধিক শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসা শেষে চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

This post was viewed: 27

আরো পড়ুন