ফিলিস্তিনের গাজার অধিবাসীদের শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর আরবি মুখপাত্র জানিয়েছেন, গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্রের প্রায় এক মিলিয়ন মানুষকে দক্ষিণ দিকে সরে যেতে বলা হয়েছে। এ এলাকায় অবস্থান করা অত্যন্ত বিপজ্জনক হবে বলেও তিনি সতর্ক করেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, গত কয়েক দিনে বিমান হামলায় যে উচ্চ ভবনগুলো ধ্বংস করা হয়েছে, তা প্রধান ও তীব্র অভিযানের কেবল শুরু। তিনি গাজা নগরকে হামাসের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ঘাঁটি হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে হামাস নেতানিয়াহুর বক্তব্যকে জবরদস্তি বাস্তুচ্যুতির প্রকাশ্য অপরাধ বলে আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক মহলেও এই পরিকল্পনার সমালোচনা শুরু হয়েছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, দুর্ভিক্ষকবলিত এ এলাকায় নতুন করে সামরিক তৎপরতা চালানো হলে সাধারণ মানুষ আরও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।
গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরু হলে তা যুদ্ধের একটি নতুন ও ভয়াবহ অধ্যায় তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।