সৌদি আরবের জ্বালানি ও তেল স্থাপনা লক্ষ্য করে চালানো ব্যর্থ ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রিয়াদের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে দেশটি।
মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ অবস্থান জানায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ইরাকভিত্তিক ইরান-সমর্থিত কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালিয়েছে। ডামাস্কাসের মতে, এ হামলা সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার চরম লঙ্ঘন এবং সমগ্র মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রিয়াদ যে কোনো পদক্ষেপ নিলে তার প্রতি পূর্ণ সমর্থন থাকবে।
একই সঙ্গে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে বিশ্বের সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বানও পুনর্ব্যক্ত করেছে সিরীয় সরকার।