রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫–এ বলিউড–হলিউড তারকাদের ঝলক ছড়িয়েছে। জেদ্দার ঐতিহাসিক আল–বালাদ এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ নজর কাড়েন ঐশ্বরিয়া রাই। অনুষ্ঠানে হলিউড তারকা ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবার সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা ও ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ছবিতে তাদের সঙ্গে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান জমানা আল রশিদও ছিলেন। ভক্তরা এই অপ্রত্যাশিত তারকামিলনকে উৎসবের অন্যতম আনন্দদায়ক মুহূর্ত হিসেবে দেখছেন।
রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লালগালিচায় আভিজাত্যপূর্ণ উপস্থিতি দেখান ঐশ্বরিয়া রাই। সাদা–কালো ব্লেজার স্টাইলের পোশাক ও সোনালি কারুকাজে তিনি নজর কাড়েন; আরেক লুকে ডলচে অ্যান্ড গাবানার কালো সিল্ক গাউন, পান্নার নেকলেস এবং স্মোকি আই মেকআপে ছিলেন দারুণ প্রশংসিত।
লোহিত সাগরের তীরে অনুষ্ঠিত পাঁচ বছরের নবীন এই উৎসব এখন বিশ্বব্যাপী আলোচিত। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান চেয়ারম্যান জমানা আল রশিদ ও পরিচালক মোহাম্মদ আল–তুর্কি। এ বছর জুলিয়েট বিনোশ ও মাইকেল কেইনের মতো কিংবদন্তিদের সম্মাননা দেওয়া হয়। বলিউড থেকে ঐশ্বরিয়ার পাশাপাশি কৃতি স্যাননও অংশ নিচ্ছেন, যিনি শুক্রবারের একটি বিশেষ সেশনে উপস্থিত থাকবেন।