Ridge Bangla

সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার চার দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সায়মা আক্তার মীম (২২) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকার ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সায়মা পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় মোগরাপাড়া আমতলায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং ‘কলাপাতা বার্গার’ নামে এক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, গত শুক্রবার সকালে কর্মস্থলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকেই সায়মা নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে থানায় সাধারণ ডায়েরি করেন।

পরে বিকেলে কাইকারটেক ব্রিজের নিচে ঝোপের ভেতর একটি বড় ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে ভেতরে স্কচটেপে মোড়ানো অবস্থায় হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করে। পরে নিহতের মামা খোকন শেখ সাগর লাশের পরিচয় নিশ্চিত করেন।

পরিবারের অভিযোগ, দুই বছর আগে প্রেম করে বিয়ে করা স্বামী রায়হানই সায়মাকে হত্যা করে ব্যাগে ভরে ফেলে রেখে গেছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

This post was viewed: 52

আরো পড়ুন