Skip to main content

Ridge Bangla

সোনারগাঁও হোটেলের সামনে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর অভিজাত এলাকা সোনারগাঁও হোটেলের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, “ভোরের দিকে সোনারগাঁও হোটেলের সামনে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকাতেই ঘুরে বেড়াতেন।”

পুলিশ আরও জানিয়েছে, মৃত নারীর পরনে একটি ময়লা শাড়ি ছিল এবং তাঁর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশ বলছে, এটি সড়ক দুর্ঘটনা, নাকি অন্য কোনো অপরাধজনিত ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

This post was viewed: 57

আরো পড়ুন