Ridge Bangla

সেফ এক্সিটের তালিকা করছে একাধিক পাসপোর্টধারীরা: আসিফ মাহমুদ

যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব রয়েছে, তারাই এখন অন্যদের জন্য ‘সেফ এক্সিটের’ তালিকা তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

আসিফ মাহমুদ লেখেন, “যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব আছে, তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা তৈরি করছে। যারা ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের সিমপ্যাথাইজাররা আজ কষ্টে মরে যাচ্ছে। বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে। আমাদের জন্ম এই দেশে, মৃত্যুও এই দেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ।” তিনি আরও উল্লেখ করেন, খুনি ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়তে লড়তে শহীদী মৃত্যু কামনা করেন তিনি।

এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা ‘সেফ এক্সিট’ নিতে চান, তা স্পষ্ট করার দায়িত্ব জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে, যাতে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো দল নির্বাচনে অংশ নেবে কিনা, তা সম্পূর্ণ রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।”

এর আগে, এক সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করছেন এবং সেফ এক্সিটের চিন্তায় আছেন। তিনি বলেন, অনেক উপদেষ্টা আখের গোছানোর চেষ্টা করেছেন বা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সময়মতো তাদের নাম প্রকাশ করা হবে।

This post was viewed: 71

আরো পড়ুন