Skip to main content

Ridge Bangla

সুন্দর আগামীর স্বপ্নে বন্নি হাসান

এই প্রজন্মের আলোচিত মডেল ও অভিনেত্রী বন্নি হাসান সম্প্রতি হঠাৎ করেই দর্শকের নজর কাড়ছেন। কুষ্টিয়ার এই মেয়ে বিদ্যা সিনহা মিমের সঙ্গে ওয়ালটনের একটি বিজ্ঞাপনে মডেল হয়ে প্রশংসা পেয়েছেন। এর আগে জাহিদ প্রীতম পরিচালিত জনপ্রিয় নাটক তিলোত্তমা-তে জয়ী চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন বন্নি। নাটকটিতে নিজের কণ্ঠে গান গেয়েও দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি।

তবে বন্নির স্বপ্ন শুধু অভিনয়ে সীমাবদ্ধ নয়। গান ও অভিনয়—দুই ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করতে চান তিনি। ছোটবেলা থেকেই গান ও নাচের সঙ্গে তার সখ্য। পাঁচ বছর গান শিখেছেন তৃপ্তি মহন মল্লিক ও রোজ বাবুর কাছে, আর মেহেরপুরে পেয়েছেন নাচের তালিম। গল্পের বই পড়তে পড়তে চরিত্রগুলো যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠতো, সেখান থেকেই জন্ম নেয় অভিনয়ের প্রতি ভালোবাসা।

বাবা মো. হাসান উদ্দিনের চাকরির সূত্রে শৈশব কেটেছে দেশের নানা স্থানে। পড়াশোনার ফাঁকে প্রথম অভিনয় করেন এম শুভ’র নাটক লাভ লিংক-এ, যেখানে তৌসিফ, জোভান ও সাফা কবিরের সঙ্গে কাজের অভিজ্ঞতা আজও স্মরণীয় তাঁর কাছে। এরপর পড়াশোনায় মনোযোগ দিতে কিছুদিন বিরতি নেন। আবার ফিরে এসে মিউজিক ভিডিও ও নাটকে নিজেকে গড়ে তুলেছেন।

এ পর্যন্ত তিনি মাহমুদ মাহিনের লাকি, মাইদুল রাকিবের আম্মাজান এবং আলোচিত তিলোত্তমা নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি কাজ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের একটি নাটকেও। প্লেব্যাক করেছেন এবং সামনে মৌলিক গান প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বন্নি বলেন, “গত বছরের তুলনায় এ বছরটা যেন আরও সফল হয়, সেই চেষ্টায় আছি। কাজকে মন দিয়ে উপভোগ করি। গান ও অভিনয় দুটিতেই নিয়মিত থাকতে চাই। যেন আমার আগামীটা সুন্দর হয়।”

This post was viewed: 54

আরো পড়ুন