Skip to main content

Ridge Bangla

সুজানগরে চাঁদা না পেয়ে ভাগ্নের বাড়িতে আগুন

পাবনার সুজানগরে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ভাগ্নের নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। এতে আনুমানিক ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের হুদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে ভুক্তভোগী ইমন মাহমুদ সুজানগর থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী ইমন মাহমুদ স্থানীয় সোহরাব শেখের ছেলে ও পেশায় একজন ফ্রিল্যান্সার। তিনি দীর্ঘদিন ধরে একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন। অভিযোগ অনুযায়ী, তার আপন মামা টুটুল মোল্লা চলতি বছরের ১০ জানুয়ারি ইমনের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় মামা একাধিকবার হুমকি দেন, শ্রমিকদের মারধর করেন এবং বাড়ি নির্মাণে বাধা দেন।

স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও বিরোধ মেটেনি। এর জেরে বৃহস্পতিবার গভীর রাতে টুটুল ও তার সহযোগীরা বাড়িতে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগে বলা হয়েছে। এতে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক্স, স্যানিটারি সামগ্রী, মোটর, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাপক ক্ষতি হয়। ঘটনার সময় ইমনকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ইমন মাহমুদ বলেন, “আমার আপন মামাই আমার বাড়িতে আগুন দিয়েছে। শুধু চাঁদা না দেওয়ার কারণেই এই ভয়ংকর কাজ করেছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি।”

অভিযুক্ত টুটুল মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সুজানগর থানার ওসি মজিবুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে মামলা রেকর্ড করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

This post was viewed: 55

আরো পড়ুন