Skip to main content

Ridge Bangla

সীমান্তে দক্ষিণ কোরিয়ার গুলিবর্ষণ, অভিযোগ উত্তর কোরিয়ার

সীমান্তে দক্ষিণ কোরিয়ার সেনাদের বিরুদ্ধে সতর্কীকরণ গুলি চালানোর অভিযোগ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দাবি করেছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একটি মেশিনগান থেকে উত্তর কোরিয়ার সেনাদের দিকে ১০টিরও বেশি গুলি চালিয়েছে। সিউলকে কড়া প্রতিক্রিয়া জানিয়ে সতর্ক করে দিয়ে পিয়ংইয়ং বলেছে, দক্ষিণ কোরিয়ার কর্মকাণ্ড উত্তেজনাকে “অনিয়ন্ত্রণযোগ্য” পর্যায়ে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করছে। শনিবার (২৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় কিম জং উনের প্রশাসন।

শনিবার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল গত মঙ্গলবারের এ ঘটনাকে ‘ইচ্ছাকৃত উস্কানি’ বলেই অভিহিত করেছেন। পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, এটি একটি অত্যন্ত গুরুতর পদক্ষেপ যা অনিবার্যভাবে দক্ষিণ সীমান্ত অঞ্চলে পরিস্থিতিকে অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যাবে, যেখানে বিপুল সংখ্যক বাহিনী একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, আর সেই সংঘর্ষ নিয়ন্ত্রণহীন পর্যায়ে পৌঁছে যাবে।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়, শনিবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী গুলিবর্ষণের বিষয়টি স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার সেনারা সংক্ষিপ্তভাবে সীমান্ত অতিক্রম করার পর সতর্কতামূলক গুলি ছোড়ে তাদের সেনারা। এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সর্বশেষ সীমান্ত সংঘর্ষ হয়েছিল। সে সময় উত্তর কোরিয়ার প্রায় ১০ জন সেনা সদস্য সাময়িকভাবে সীমান্ত অতিক্রম করলে দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি চালিয়েছিল।

This post was viewed: 50

আরো পড়ুন