Skip to main content

Ridge Bangla

সিলেট স্টেডিয়ামেই কোচ জাকির জানাজা সম্পন্ন, কাঁদলেন শরিফুল-মুশফিকরা

বিপিএলের দ্বিতীয় দিনে ঢাকার ম্যাচ শুরু হওয়ার মাত্র মিনিট বিশেক আগে ঘটে হৃদয়বিদারক এক ঘটনা। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠে হার্ট অ্যাটাক করেন। মাঠে অসুস্থ হওয়ার পর তাঁকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোক নেমে এসেছে।

তার জানাজার নামাজ রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেই জানাজায় অংশ নেন বিসিবি সভাপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাহবুব আলী জাকির সহকর্মীরাও উপস্থিত ছিলেন। শেষবারের মতো দেশবরেণ্য এই কোচকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন পেসার শরিফুল ইসলাম ও মুশফিকুর রহিম।

বিসিবি সভাপতিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জাকির মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে পড়েন। শোকে পাথর হয়ে প্রিয় সহকর্মীর মরদেহের দিকে তাকিয়ে ছিলেন তালহা জুবায়ের, হান্নান সরকার, খালেদ মাহমুদ সুজন ও রাজিন সালেহরা। জানাজা শেষে কোচ জাকিকে নিজ এলাকা কুমিল্লায় দাফন করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালে শরিফুল–তানজিমদের জেতা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে তিনি ছিলেন বাংলাদেশের বয়সভিত্তিক দলটির পেস বোলিং কোচ।

This post was viewed: 53

আরো পড়ুন